. .
.

শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত যশোরের বসুন্দিয়া, দুর্বিষহ জনজীবন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত যশোরের বসুন্দিয়া, দুর্বিষহ জনজীবন

যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার ১৫ নম্বর বসুন্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বানিয়ারগাতী গ্রাম বর্তমানে শিল্পকারখানার অনিয়ন্ত্রিত বর্জ্যে মারাত্মক পরিবেশ দূষণের শিকার বলে অভিযোগ উঠেছে। এলাকার একাধিক শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য যথাযথভাবে শোধন না করে উন্মুক্ত পরিবেশ ও নদীতে ফেলার ফলে জনস্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে দাবি স্থানীয়দের।

এ অবস্থার প্রতিবাদে এবং পরিবেশ দূষণ বন্ধের দাবিতে স্থানীয় সর্বস্তরের জনগণ এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী অভিযোগ করেন, কয়েকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কার্যকর বর্জ্য শোধন ব্যবস্থা (ইটিপি) নিশ্চিত না করেই দুর্গন্ধযুক্ত ও ক্ষতিকর বর্জ্য পরিবেশে ছড়িয়ে দিচ্ছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, প্যারাগন গ্রুপের যশোর ফিড, নারিশ ফিড, তালুকদার প্লাস্টিক কারখানা, চাঁদ ফিড মিলসহ পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়া সিপি (বাংলাদেশ) সংশ্লিষ্ট মুরগির বাচ্চা উৎপাদন কার্যক্রমের পচা ডিম, মৃত বাচ্চা ও অন্যান্য পোল্ট্রি বর্জ্য যথাযথভাবে অপসারণ না করায় পরিবেশ দূষণ আরও ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ রয়েছে।

একইসঙ্গে স্থানীয়দের দাবি, ব্যাটারি উৎপাদনকারী একটি কারখানা এবং আছিয়া অটো রাইস মিলের ধোঁয়া, ছাই ও রাসায়নিক বর্জ্যও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করছে।

এলাকাবাসী জানান, পচা ডিম, মৃত মুরগির বাচ্চা ও শিল্প বর্জ্যের দুর্গন্ধে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বেড়েছে মশা-মাছির উপদ্রব। ডায়রিয়া, চর্মরোগ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি এবং দূষিত হয়ে পড়ছে স্থানীয় জলাশয় ও পানির উৎস।

মানববন্ধনে বক্তারা বলেন, “কারখানাগুলো ব্যবসায়িকভাবে লাভবান হলেও তাদের বর্জ্যের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

স্থানীয় পরিবেশ সচেতন মহল মনে করছে, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ সংকটের সমাধান সম্ভব নয়। তারা সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য শোধন ব্যবস্থা নিশ্চিত করে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচারের পর অনুসন্ধানী সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। 
সাংবাদিকদের ভাষ্য, জনস্বার্থে পরিবেশ দূষণের বিষয়টি তুলে ধরার কারণে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে, তবে তা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা হুমকিদাতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।ক্যাপশন:
যশোরের বসুন্দিয়া ইউনিয়নের বানিয়ারগাতী এলাকায় শিল্প বর্জ্যের দূষণের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন। পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
(অনুসন্ধান চলমান  প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে)

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--