বেনাপোলে ইউনুস আলী
হত্যা রহস্য উদঘাটন, আটক ২
রিপোর্ট: আল মুজাহিদ যশোর
যশোরের বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত দুই আসামিকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন রহমতপুর গ্রামের তরিকুল ইসলাম ও সবুজ হোসেন (২১)। নিহত ইউনুস আলী (৪৭) ছোট আচড়া গ্রামের বাসিন্দা এবং বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সির নিরাপত্তাকর্মী ছিলেন।
পিবিআই জানায়, পারিবারিক জটিলতা ও পূর্বের দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। গত ২২ এপ্রিল কৌশলে ইউনুস আলীকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ বেনাপোল-পুটখালী সড়কের পাশে ফেলে রাখা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৭ এপ্রিল রাতে গোপালগঞ্জ থেকে তরিকুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সবুজকে গ্রেফতার করা হয়। তবে মূল পরিকল্পনাকারী আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।