. .
.

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক


সুমন ঘোষ 
যশোর প্রতিনিধি:


 যশোরে প্রতারণার মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন যশোর শহরের শংকরপুর এলাকার আলোচিত রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি নড়াইলের কালিয়া এলাকার এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে রাজা ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন এবং ল্যাপটপটি কিনবেন বলে তাকে যশোরে আসতে বলেন। পরে ওই যুবক ল্যাপটপ নিয়ে যশোরে এলে তাকে একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ।
অভিযোগ রয়েছে, ওই কক্ষে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে যুবকটির সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়। এরপর এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ নেওয়া হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের ফোন করে অর্থ আদায় করা হয়। পরে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে তারা কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযোগের পর থানার এসআই আল আমিন ঘটনাটি তদন্ত শুরু করেন।
তদন্তের ধারাবাহিকতায় শনিবার রাতে যশোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে প্রথমে রাজাকে আটক করা হয়। পরে একই স্থান থেকে বৃষ্টি ও জারাকেও আটক করা হয়।
কোতোয়ালি থানার এসআই আল আমিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী যুবক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের ভাষ্য, চক্রটি নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যক্তিদের নির্দিষ্ট স্থানে ডেকে নেয়। পরে কৌশলে তাদের ফাঁদে ফেলে ভয়ভীতি দেখিয়ে টাকা, মূল্যবান সামগ্রীসহ বিভিন্ন জিনিস হাতিয়ে নেওয়া হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এর আগেও তারা পুলিশের হাতে আটক হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--