. .
.

তাড়াশে উত্তর ওয়াপদা বাঁধ সড়ক বেহাল অবস্থা: বিকল্প চলাচলে বাড়ছে যানজট ও দুর্ভোগ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

তাড়াশে উত্তর ওয়াপদা বাঁধ সড়ক বেহাল অবস্থা: বিকল্প চলাচলে বাড়ছে যানজট ও দুর্ভোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের উত্তর ওয়াপদা বাঁধ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে ছোট-বড় যানবাহনগুলো বিকল্প হিসেবে শহরের ভেতরের সড়ক ব্যবহার করছে, যার কারণে শহরে তীব্র যানজট ও চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
উপজেলা প্রকৌশল বিভাগের অধীনস্থ এই সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দ থাকলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই কোনো না কোনো ছোট-বড় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দা বেল্লাল খান ও কাঙাল চন্দ্র জানান, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সড়কটির অন্তত তিনটি স্থানে বড় বড় বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া পুরো সড়ক জুড়েই ছোট-বড় খানাখন্দ রয়েছে। প্রতিদিন গড়ে ছয় থেকে সাতটি যানবাহন এসব গর্তে পড়ে দুর্ঘটনার মুখে পড়ছে।
আরেক স্থানীয় বাসিন্দা সজিব খান বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের অনেক যানবাহন মান্নাননগর থেকে পশ্চিম ওয়াপদা বাঁধ সড়ক হয়ে চলাচল করে। কিন্তু উত্তর ওয়াপদা বাঁধ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চালকরা বাধ্য হয়ে পৌর শহরের ভেতরের ব্যস্ত সড়ক ব্যবহার করছেন, যা শহরে তীব্র যানজটের সৃষ্টি করছে।
দুর্ঘটনার শিকার ভটভটিচালক আজাদ আলী জানান, মাছ নিয়ে আড়তে যাওয়ার সময় তাঁর ভটভটিটি সড়কের একটি বড় গর্তে পড়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। পরে অন্য একটি গাড়ির সাহায্যে সেটিকে টেনে তুলতে হয়।

সরেজমিনে দেখা গেছে, উত্তর ওয়াপদা বাঁধ সড়কের ট্রাক শ্রমিক অফিসসংলগ্ন তিন রাস্তার মোড়ে সড়কের একটি বড় অংশজুড়ে খানাখন্দ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা বেল্লাল খান ও কাঙাল চন্দ্রের বাড়ির সামনেও রয়েছে বড় গর্ত। বিশেষ করে, উত্তর ওয়াপদা বাঁধ সড়ক থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সংযোগ সড়কটির অবস্থাও অত্যন্ত শোচনীয়। সেখানে একটি মাছবাহী ভটভটি গর্তে আটকে থাকতে দেখা যায়। ভটভটি থেকে মাছ সড়কে জমে থাকা পানিতে ছড়িয়ে পড়লে স্থানীয় শিশু-কিশোরদের সেই পানি থেকে মাছ সংগ্রহ করতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান বলেন, "উত্তর ওয়াপদা বাঁধ সড়কের সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করছি, শিগগিরই কাজ শুরু করা সম্ভব হবে।"
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, "জনদুর্ভোগ কমাতে উত্তর ওয়াপদা বাঁধ সড়কের বড় গর্তগুলোতে জরুরি ভিত্তিতে ইট ও সুরকি ফেলে আপাতত চলাচলের উপযোগী করা হবে।"

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--