শিরোমণিতে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড পরিদর্শনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
মোঃ সাদ্দাম মিয়া
উপজেলা প্রতিনিধি(ফুলতলা)
আজ ১৬-৬-২৬ (মঙ্গলবার) খুলনার শিরোমণিস্থ বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম এমপি।
পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কারখানার উৎপাদন কার্যক্রম, বর্তমান সক্ষমতা, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের উন্নয়নে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রেখে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পণ্যের অর্ডার সংক্রান্ত যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সংকট কাটিয়ে উঠে প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডকে যুগোপযোগী প্রযুক্তি ও দক্ষ জনবল দিয়ে আরও শক্তিশালী করা হবে, যাতে দেশের অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে প্রতিষ্ঠানটি কার্যকর অবদান রাখতে পারে।
এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..