. .
.

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, সতর্ক থাকতে বলা হয়েছে নৌযানকে

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, সতর্ক থাকতে বলা হয়েছে নৌযানকে


সুমন ঘোষ যশোর 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবার সকাল ৬টার দিকে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৩৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩২০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা হাওয়ার ক্ষেত্রে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির পরবর্তী পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্টদের নিয়মিত হালনাগাদ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--