. .
গণতন্ত্র ধ্বংসে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুর প্রতিনিধি: গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি দাবি করেন, বিরোধী দলের কর্মকাণ্ডের সঙ্গে ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কর্মকাণ্ডের মিল রয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দল যেভাবে গালিগালাজ করছে, সেটিকে তারা গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখাচ্ছে। কিন্তু এটি যদি গণতন্ত্রের সৌন্দর্য হয়, তাহলে দেশের মানুষ তাদের গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও গ্রহণ করবে না। তিনি বলেন, “তারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা নিজেরাই বলছে, ১১ দলের দাবি না মানলে বোমাবাজি বন্ধ হবে না, ককটেলবাজি বন্ধ হবে না।” মন্ত্রী আরও বলেন, ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তারা দেশের বাইরে বসে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে বলে তিনি মনে করেন। তাদের নেতৃত্বে গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মতো ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে বর্তমান বিরোধী দলের কথাবার্তা ও কর্মকাণ্ডের সঙ্গে তাদের কর্মকাণ্ডের মিল রয়েছে বলে মন্তব্য করেন। দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে এ্যানি বলেন, “এটা জিয়ার দল, এটা খালেদা জিয়ার দল। আন্দোলন করতে করতে আমরা এখানে এসেছি। রাজপথ থেকে উঠে এসেছি, রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেছি। আগামী দিনেও এই অপশক্তিকে আমরা রাজপথে মোকাবিলা করব।” অনুষ্ঠানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।