ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী আগামী কয়েক মাস ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি—এমন এলাকাগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধের করণীয় তুলে ধরা এবং সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ জাতীয় আরো খবর..