নওয়াপাড়ায় জয়েণ্ট ট্রেডিং এর মালিক আনিসকে কুপিয়ে হত্যা
আমিনুর রহমান:
যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জয়েন্ট ট্রেডিং ও আনিস ট্রেড ভ্যালির সত্ত্বাধিকারী আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া এলাকার আনিস প্লাজার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং বোয়ালমারী পোল এলাকায় জনেণ্ট প্লাজায় বসবাস করেন। স্থানীয়ভাবে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।স্থানীয় সূত্র জানায়, নওয়াপাড়া পীর বাড়ী এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিস প্লাজায় একটি বাসা ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেন। তবে কোনো কারণে আনিসুর রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় বিষয়টি নিয়ে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহ মাহমুদ ও তার সঙ্গীরা চাইনিজ কুড়াল দিয়ে আনিসুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেয় বলে জানা যায় । হামলায় গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আনিসুর রহমান। এ সময় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খুলনায় অবস্থার আরও অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ৭ মে বৃহস্পতিবার নওয়াপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা এহেন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিশাল মিছিল বের করে।প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সহসভাপতি শাহজালাল হোসেন নোয়াপাড়া স্যার সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার, অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শরিফ হোসেন, অভয়নগর থানা বিএনপি সহ-সভাপতি মশিউর রহমান মশি, নোয়াপাড়া পৌর বিএনপি সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম পাটোয়ারী, নোয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান সহ সর্বস্তরে রাজনৈতিক ও ব্যবসায়ীর।এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।