তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ এক্স-রে সেবা, ভোগান্তিতে সাধারণ রোগীরা
শামীম খান স্টাফ রিপোর্টারের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এক্স-রে সেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা। জানা গেছে, হাসপাতালের এক্স-রে টেকনিশিয়ান মোঃ তৈফিকুল ইসলাম ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে পি.আর.এল (অবসর-পূর্ব ছুটি)-এ যান। এরপর থেকে আজ পর্যন্ত হাসপাতালে এক্স-রে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
হাসপাতালে এই গুরুত্বপূর্ণ সেবা বন্ধ থাকায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যেতে হচ্ছে। সেখানে তুলনামূলকভাবে অনেক বেশি খরচে এক্স-রে করাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালে সেবা না থাকায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো সুযোগ নিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে। ফলে সাধারণ মানুষ একদিকে আর্থিক চাপে পড়ছেন, অন্যদিকে জরুরি চিকিৎসাসেবা পেতেও বিলম্ব হচ্ছে।
এ বিষয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান বলেন, “আমাদের এখানে এক্স-রে টেকনিশিয়ান না থাকায় সেবা কার্যক্রম চালু রাখা সম্ভব হচ্ছে না। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের হাসপাতালে পুনরায় এক্স-রে সেবা চালু করা যায়।”
তিনি আরও জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত একজন নতুন এক্স-রে টেকনিশিয়ান নিয়োগ অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা পুনরায় চালু করা হোক, যাতে সাধারণ মানুষ সহজে ও স্বল্প খরচে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে পারেন।
এ জাতীয় আরো খবর..