যশোরে শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা সাড়ে ৩ লাখের বেশি শিশু
সুমন ঘোষ
নিজস্ব প্রতিবেদক, যশোর
সারাদেশের সঙ্গে মিল রেখে যশোরেও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার সকালে যশোর উপশহর শিশু হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব নির্ধারিত কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে যশোরে মোট ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল দেওয়া হচ্ছে।
কর্মসূচি বাস্তবায়নে জেলার আটটি উপজেলায় ২ হাজার ৩০১টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করছেন সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫ হাজার ২১৭ জন কর্মী।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের রাতকানা, অন্ধত্ব, হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..