প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 13, 2026 ইং
যশোরে আজ শিক্ষামন্ত্রীর ব্যস্ত দিন

যশোরে আজ শিক্ষামন্ত্রীর ব্যস্ত দিন
সুমন ঘোষ যশোর
যশোর, সোমবার: শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন আজ যশোর সফরে আসছেন। সফরসূচি অনুযায়ী, তিনি বেলা ১১টায় যশোর পিটিআই অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেবেন। এ সভায় যশোর শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত থাকবেন।
সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এরপর বিকেল ৩টায় শিক্ষামন্ত্রী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এ সময় তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন জমাদান অনুষ্ঠানে যোগ দেবেন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের আয়োজনে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি প্রথমবারের মতো একসঙ্গে ১৪টি বিভাগের জন্য আনুষ্ঠানিকভাবে অ্যাক্রেডিটেশনের আবেদন করতে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোঃ তানজিমুদ্দিন খান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. নাসির উদ্দীন আহম্মেদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তনে নতুন গতি সঞ্চার হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন