প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2026 ইং
খুলনায় যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

খুলনায় যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
দিঘলিয়া প্রতিনিধি: মোঃ রুবেল শেখ।
খুলনার চাঞ্চল্যকর যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, বাহিনীটি দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে ওয়ারেন্টভুক্ত আসামি, সাজাপ্রাপ্ত পলাতক অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারে কাজ করে আসছে। একইসঙ্গে হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (০৬ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা ৫ মিনিটে র্যাব-৬ এর সিপিএসসি, সিপিসি-২ এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাকা মাসুদ (৩৪)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাকা মাসুদের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মুরাদ খাঁ (৪২) স্থানীয় যুবদল নেতা ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে দিঘলিয়া উপজেলা চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ওরফে সাজ্জাদ হোসেন এবং তার সহযোগীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এর জের ধরে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫টা ২০ মিনিটে মুরাদ খাঁ পথের বাজার এলাকায় জুতা কেনার উদ্দেশ্যে বকশি বাড়ি সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর সামনে পৌঁছালে বাকা মাসুদসহ এজাহারভুক্ত ১১ জন এবং অজ্ঞাতনামা আরও ১২-১৩ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তার পথরোধ করে। তারা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত মুরাদ খাঁকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল মাওয়া (৩০) বাদী হয়ে দিঘলিয়া থানায় বাকা মাসুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন