প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
মাদক তৈরির কাঁচামালসহ যশোর ডিবির হাতে এক তরুণী গ্রেপ্তার

মাদক তৈরির কাঁচামালসহ যশোর ডিবির হাতে এক তরুণী গ্রেপ্তার
রিপোর্ট : বাপ্পী,যশোরঃ
যশোর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলক কুমার দে’র নেতৃত্বে একটি দল রাত ৯টার দিকে মনিহার এলাকায় ঈগল পরিবহনে তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামালসহ শাপলা খাতুন স্বপ্না (২৮) নামে এক তরুণীকে আটক করে।
চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশিকালে শাপলা খাতুনের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যে বাসের মালামাল রাখার বক্স থেকে দুটি বস্তায় মোড়ানো মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত বস্তা থেকে ১০টি প্যাকেটে মোট ২৫ কেজি এফিড্রিন এবং তিনটি বোতলে থাকা ৬ লিটার হাইড্রোক্লোরিক এসিড জব্দ করা হয়েছে। এসব রাসায়নিকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
আটক শাপলা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আকড়া খোলা গ্রামের আখতারুজ্জামানের মেয়ে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ভারত থেকে এসব কাঁচামাল এনে তাকে দিয়েছিলেন। এগুলো চট্টগ্রামের অলঙ্কার মোড় এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল তার।
এ ঘটনায় শাপলা খাতুন ও পলাতক আজমল হোসেনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) আটক তরুণীকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন