প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 6, 2026 ইং
সলঙ্গায় ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবি

সলঙ্গায় ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবি
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবি, মারধর এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত নেতা ফরিদ মেম্বারের বিরুদ্ধে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ রোডের হাটিকুমরুল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের ছেলে ও এনসিপি কর্মী জুয়েল রানা নাফি বলেন, সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ও ‘এভারগ্রীন দই-মিষ্টি’ প্রতিষ্ঠানের মালিক কামরুল ইসলাম কান্চন তার বাবা। একটি কক্ষে তাকে ও তার স্ত্রীকে আটকে রেখে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে মারধর করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর বিভিন্ন মাধ্যমে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। বিষয়টি জানাজানি হলে সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় মোছা. ফারজানা আক্তার ঝর্না বাদী হয়ে সলঙ্গা থানায় ছিনতাইয়ের অভিযোগ করেছেন।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে, বিএনপির বহিষ্কৃত নেতা ফরিদ মেম্বার ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন