প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
Sirajganj

উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং প্রায় ২ লাখ টাকার স্বর্ণালংকার নেওয়ার অভিযোগে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। ঘটনাটি উপজেলার গোয়ালজানী এলাকায় ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উল্লাপাড়ার মধুপুর গ্রামের মোছা: মিম খাতুনের সঙ্গে একই উপজেলার এক যুবক শাহিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মিমের দাবি, শাহিন বিয়ের আশ্বাস দিয়ে তাকে ঢাকায় নিয়ে যান এবং সেখানে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের কথা বলে তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকার স্বর্ণালংকার গ্রহণ করেন।
মিম খাতুন অভিযোগ করেন, বিয়ের আশ্বাসে দীর্ঘদিন সম্পর্ক রাখার পর এখন শাহিন বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আত্মগোপনে রয়েছেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
এ অবস্থায় বিয়ের দাবিতে শাহিনের গোয়ালজানী এলাকার বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন মিম। স্থানীয়রা বিষয়টি জানার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনশনের খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
এ বিষয়ে অভিযুক্ত শাহিনের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।
উল্লাপাড়া থানার এক কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন