প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
অভয়নগরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ

অভয়নগরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ
রজিবুল ইসলাম সুইট
অভয়নগর থানা প্রতিনিধি
যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তবে ওই সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে যখন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন চলছিল, ঠিক সেই সময় নওয়াপাড়া গ্রামে জুটমিল মালিকের বাড়িতে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব বলেন, গভীর রাতে বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখি চাচার বাড়ির ভেতরে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে। চাচা পরিবার নিয়ে ঢাকায় থাকায় বাড়িতে তখন কেউ ছিল না।
ভুক্তভোগী জুটমিল মালিকের ছেলে রাকিবুল ইসলাম মুঠোফোনে জানান, একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিবারকে ভয় দেখাতে ও আতঙ্ক সৃষ্টি করতেই এই ককটেল হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য এবং থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত হিসেবে জালের কাঠি, লালটেপ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।
অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, "রাত ২টার দিকে বিস্ফোরণের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন