প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2026 ইং
মনিরামপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক, একজনকে কারাদণ্ড

মনিরামপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক, একজনকে কারাদণ্ড
তুহিন হোসেন যশোর জেলা প্রতিনিধি
যশোরের মনিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মনিরামপুর উপজেলার দিগঙ্গা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, দিগঙ্গা গ্রামের সুমন্ত রায়ের ছেলে বিশ্বজিৎ রায় (৩৪) ও গৌর চন্দ্র ধরের ছেলে দিপ্রদীপ ধর (২৬)।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্বজিৎ রায়ের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে মনিরামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পরে দুপুর ১টার দিকে একই গ্রামের দিপ্রদীপ ধরের বসতঘরে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেনের প্রসিকিউশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দিপ্রদীপ ধরকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন