প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2026 ইং
সিরাজগঞ্জ, রাজবাড়ী ও পাবনার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সিরাজগঞ্জ, রাজবাড়ী ও পাবনার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে সিরাজগঞ্জ, রাজবাড়ী ও পাবনা জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেছেন।
রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে তাঁরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, রাজবাড়ীর ১৩ জন এবং পাবনা জেলার ৪৫ জন রয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি বলেন, ‘যারা এখনো ভুল পথে আছেন, তাঁদের প্রতি আমার অনুরোধ, আপনারা এখনই সঠিক পথে ফিরে আসুন। কেউ জন্মগ্রহণ করেই সর্বহারা বা চরমপন্থি হয় না। বিভিন্ন কারণে মানুষ ভুল পথে পা বাড়ায়। আজ যাঁরা ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরেছেন, তাঁরা আপনাদের সঙ্গে থাকা অন্যদেরও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন