অভয়নগরে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের অভিযোগঃ শিক্ষক পলাতক
আমিনুর রহমান অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. ইমরান নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে ক্লাস চলাকালে সহকারী শিক্ষক মো. ইমরান কৌশলে শিশুটিকে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষক তাকে বাড়ি পাঠিয়ে দেন। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় শিশুটির গোপনাঙ্গে যন্ত্রণা শুরু হয়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মায়ের নজরে আসে এবং পরে পরিবারের অন্য সদস্যরাও ঘটনাটি জানতে পারেন।
মঙ্গলবার দুপুরে বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু শিশুটিকে তার বাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে মেয়েটিকে সুচিকিৎসা ও ন্যায়বিচারের জন্য লিগাল এইডের মাধ্যমে যশোরে হস্তান্তর করা হয়।অভিযুক্ত শিক্ষক ইমরান উপজেলার বুইকারা গ্রামের বাসিন্দা। তিনি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।