প্রিন্ট এর তারিখঃ Oct 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
তাড়াশে শিয়াল মারার বৈদ্যুতিক তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু, আহত ২ শিশু

তাড়াশে শিয়াল মারার বৈদ্যুতিক তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু, আহত ২ শিশু
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে হাঁস-মুরগি রক্ষায় শিয়াল মারার জন্য বসানো বৈদ্যুতিক তারে জড়িয়ে আফরোজা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর আট বছর বয়সী ছেলেসহ প্রতিবেশী আরেক শিশু গুরুতর আহত হয়েছে। আহত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা খাতুন ওই গ্রামের মো. শামীম হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির হাঁস-মুরগিকে শিয়ালের আক্রমণ থেকে রক্ষা করতে বৃহস্পতিবার রাতে খোয়ারের দরজায় জিআই তার পেঁচিয়ে তাতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে আফরোজার আট বছর বয়সী ছেলে খোয়ারের দরজা খুলতে গেলে বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়ে।
ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান মা আফরোজা খাতুন। এ সময় তিনিও বিদ্যুতায়িত হন। পরে তাঁদের উদ্ধার করতে এগিয়ে এলে প্রতিবেশী আরেক শিশুও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
একপর্যায়ে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত বিদ্যুতের মূল সুইচ বন্ধ করেন। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই আফরোজা খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত দুই শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ও আহতদের স্বজন এবং স্থানীয় কলেজশিক্ষক মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহআলম জানান, এ ধরনের কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত পুলিশকে কেউ জানাননি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন