প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2026 ইং
শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে স্ত্রীর চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের জনক।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু হানিফ ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। অভিযোগকারী তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু হানিফ তার স্ত্রীর চাচাতো বোনকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে সিলেটে নিয়ে যান তিনি। সেখানে একটি বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে ওই তরুণী জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি আবু হানিফকে জানালে তিনি তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।
তরুণীর অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট করার জন্য আবু হানিফ একাধিকবার তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পরে গত ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে বিয়ে রেজিস্ট্রি করার জন্য চাপ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে তরুণীকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় গত মঙ্গলবার ওই তরুণী মোহনগঞ্জ থানায় আবু হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পরে বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়টি তদন্তাধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন