প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2026 ইং
২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, সন্ধ্যায় শপথ

২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, সন্ধ্যায় শপথ
নিজস্ব প্রতিবেদক : ২৫৫ ভোট পেয়ে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
আজ শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। বঙ্গভবনের তথ্য অনুযায়ী, তিনি দেশের ২৪তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বঙ্গভবনের ওয়েবসাইটে তাঁকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। সে হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন দেশের ২৪তম রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ না থাকায় এবং সংসদে ক্ষমতাসীন বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত ছিল। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছর রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো।
বৃহস্পতিবার বেলা ২টা থেকে জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গণনায় সময় লাগে প্রায় ২০ মিনিট। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাঁদের মধ্যে ৩৪৩ জন ভোট প্রদান করেন এবং ৬ জন ভোট দেননি। প্রদত্ত ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই সংসদ কক্ষে পাশের আসনে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় সংসদ সদস্যরা করতালি ও টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে ও সালাম দিয়ে শুভেচ্ছার জবাব দেন।
এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নিজ আসন থেকে উঠে সামনে এগিয়ে আসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এগিয়ে এলে তাঁরা দুজন কোলাকুলি করেন। পর্যায়ক্রমে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিরোধীদলীয় কয়েকজন নেতার সঙ্গেও কোলাকুলি করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
একপর্যায়ে জাতীয় সংসদ কক্ষের মাঝখানে সংসদ নেতা তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকেও কোলাকুলি করতে দেখা যায়।
পরে রাতে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন