প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2026 ইং
যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে ৮৭ কোটি টাকা প্রদান, আনন্দ র্যালি

যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে ৮৭ কোটি টাকা প্রদান, আনন্দ র্যালিl
সুমন ঘোষ যশোর
দীর্ঘদিন বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান করায় যশোরে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জেলা শাখা। জেলার ২ হাজার ৭৯১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে মোট ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে বলে সমাবেশে জানানো হয়।
বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে র্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা তাদের প্রাপ্য অর্থের জন্য অপেক্ষা করেছেন। বর্তমান সরকার শিক্ষকদের কল্যাণে বিশেষ উদ্যোগ নিয়ে দেশের ৭০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যাণ তহবিলের অর্থ প্রদানের ব্যবস্থা করেছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় যশোরের বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী তাদের প্রাপ্য অর্থ পেয়েছেন। জেলায় ২ হাজার ৭৯১ জনকে মোট ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
দেলোয়ার হোসেন খোকন বলেন, অতীতে নিজেদের জমানো টাকা পেতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়েছে। টাকা পেতে হয়রানি ও ঘুষের অভিযোগও ছিল। তবে এবার কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি ব্যাংকের মাধ্যমে তাদের প্রাপ্য অর্থ দেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের শিক্ষক সমাজের বিভিন্ন সুযোগ-সুবিধার ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা আরও সম্প্রসারিত করেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধু।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা ফায়সাল রশীদ পান্নু, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা শিক্ষক সমিতির সভাপতি রাজিব মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে প্রেসক্লাব যশোরের সামনে থেকে আনন্দ র্যালি বের করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানায় গিয়ে শেষ হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন