প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
যশোরে পারিবারিক বিরোধে স্বামীর হাতে গৃহবধূ খুন, হাসপাতালে চিকিৎসাধীন স্বামী
যশোরে পারিবারিক বিরোধে স্বামীর হাতে গৃহবধূ খুন, হাসপাতালে চিকিৎসাধীন স্বামী
আহসান হাবীব বাপ্পী,যশোরঃ
যশোর শহরের শেখহাটি এলাকার একটি ভাড়া বাসায় পারিবারিক বিরোধের জেরে ছামিনা আক্তার (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, স্বামী সুজন ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত স্বামীও নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে শেখহাটি তামালতলা এলাকার বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, ক্ষিপ্ত হয়ে সুজন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করেন। পরিবারের সদস্যরা দ্রুত ছামিনাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল।
এদিকে ঘটনার পর সুজন নিজের শরীরেও ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং পর্যবেক্ষণে রয়েছেন।
নিহত ছামিনা সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। অপরদিকে সুজনের বাড়ি টাঙ্গাইল জেলায়। পারিবারিক সূত্রে জানা গেছে, আত্মীয়তার সম্পর্কের মধ্যে প্রায় ছয় মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং যশোর শহরে আলাদা বাসা ভাড়া করে বসবাস করছিলেন।
ঘটনার পর হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতের স্বজনদের কয়েকজন অভিযুক্তের ওপর হামলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে সুজনের বাবা-মাকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়।
কোতোয়ালি থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন