প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
150511

দুই দিনের সফরে আজ যশোরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সুমন ঘোষ যশোর
নিজ শহর যশোরে দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সফরকালে তিনি সরকারি, সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে বিমানে যশোরে পৌঁছানোর কথা রয়েছে প্রতিমন্ত্রীর। সফরের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় যশোর ইনস্টিটিউট মাঠে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন তিনি।
এরপর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর পানি উন্নয়ন বোর্ড ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের উদ্যোগে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী। সেখানে পানি ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দুপুর ১২টায় তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেবেন। সভায় হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
বিকেল সাড়ে ৩টায় চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রতিমন্ত্রী। পরে বিকেল সাড়ে ৪টায় বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৭টায় যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল-এ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন