প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
শত বছরের পুরানো পুকুর খননে উল্লাপাড়ায় উদ্ধার কষ্টিপাথরের দুর্গা মূর্তি

শত বছরের পুরানো পুকুর খননে উল্লাপাড়ায় উদ্ধার কষ্টিপাথরের দুর্গা মূর্তি
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শত বছরের পুরাতন একটি পুকুর খননের সময় কষ্টিপাথরের তৈরি একটি দুর্গা মূর্তি উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের চেংটিয়া বড় আইন্দা পুকুরে খননকাজ চলাকালে শ্রমিকরা মূর্তিটি দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেয়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে মূর্তিটি এক নজর দেখতে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের ধারণা, বহু বছর আগে কোনো প্রাচীন স্থাপনা বা মন্দির থেকে মূর্তিটি পুকুরে নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।
পুকুরের মালিক রুহুল আমীন জানান, প্রায় ১৬ বিঘা আয়তনের এই প্রাচীন পুকুর থেকে এর আগেও কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছিল। এবার একই পুকুর থেকে দুর্গা মূর্তি পাওয়া গেল।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, শত বছরের পুরাতন পুকুরে কষ্টিপাথরের একটি দুর্গা মূর্তি পাওয়া গেছে। মূর্তিটির ওজন প্রায় ৪০ কেজি হতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের মতে, এ ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন